প্রায় পাঁচ বছর আগে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে প্রায় আট লাখ আবেদনকারীর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী অংশগ্রহণের সুযোগ চেয়ে করা আবেদন এক মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খাদ্য অধিদপ্তরের ওই সব পদে নতুন করে জনশক্তি নিয়োগ না দিতে নির্দেশ দিয়েছেন আদালত। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে অ্যাডভোকেট ইশরাত হাসান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন।
ঘটনার বিবরণে দেখা যায়, ২০১৪ সালের ২৬ অক্টোবর খাদ্য অধিদপ্তরের অধীনে ১৫ ক্যাটাগরির তৃতীয় ও চতুর্থ শ্রেণির ৫৯৯ পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এতে প্রায় ৮ লাখ চাকরি প্রার্থী আবেদন করেন। আবেদনের পর দীর্ঘদিন ধরে এসব আবেদনকারী অপেক্ষার প্রহর গুনলেও লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রবেশপত্র পাননি। পরবর্তী সময়ে একই নিয়োগ বিজ্ঞপ্তি গত বছরের ৭ নভেম্বর প্রকাশ করে অনলাইনভিত্তিক আবেদন আহ্বান করে খাদ্য অধিদপ্তর। এতে নন-গেজেটেড ২৪ ক্যাটাগরিতে পদ বাড়িয়ে ১ হাজার ১৬৬ জন করা হয়। কিন্তু নতুন বিজ্ঞপ্তিতে ২০১৪ সালে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলে কোথাও উল্লেখ করা হয়নি। এ প্রেক্ষিতে ২০১৪ সালের আবেদনকারীদের পক্ষ থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ চেয়ে আবেদন করা হয়। কিন্তু খাদ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া না পেয়ে মো. এনামুল হকসহ ৪০ জন হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে আদালত উপরোক্ত আদেশ দেন।