এ বছরেই দ্রুততম সময়ের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিন —ড. কামাল

চলতি বছরেই দ্রুততম সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু সংসদ নির্বাচন দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই দাবি জানান।

সরকারের উদ্দেশে ড. কামাল বলেন, আর দেরি করবেন না, দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। প্রয়োজনে ৩-৬ মাসের মধ্যে নির্বাচন দিন। আমরা অতীত নিয়ে বিতর্ক করব না। দেশের সবাই একটি সুষ্ঠু নির্বাচন চায়। প্রয়োজনে রেফারেন্ডাম দিয়ে দেখতে পারেন। বঙ্গবন্ধুকে অসম্মান করবেন না, তার প্রতি সম্মান দেখিয়ে দ্রুত নির্বাচনের সিডিউল ঘোষণা করুন।

ড. কামাল বলেন, আমরা ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে রয়েছি। মানুষ কথা বলতেও ভয় পায়, মনে করে কথা বললে গুম-খুন হয়ে যাবে।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক আবু সাইয়িদ, সুব্রত চৌধুরী,  মোস্তফা মোহসীন মন্টু, ড. রেজা কিবরিয়া, জগলুল আহমেদ আফ্রিক, মোকাব্বির খান প্রমুখ।