কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় নৌকাসহ সোনা মিয়া (২৮) নামের এক বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)।
গত মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে সোনা মিয়াকে ধরে নিয়ে যায় বলে অভিযোগ তার পরিবারের। সে ইউনিয়নের ফুলের ডেইল গ্রামের মৃত নাজির আহমদের ছেলে।
এর আগের দিন সোমবার নাফনদী থেকে ধরে নেওয়া ছয়জন জেলের মধ্যে চারজন জেলেকে দেড় লাখ টাকা বিনিময়ে (মিয়ানমার ২১ লাখ কিয়েত) ফেরত আনা হয়েছে বলে একটি সূত্রে নিশ্চিত করেছে।
এ প্রসঙ্গে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, বিষয়টি স্থানীয় সংবাদকর্মীদের কাছ থেকে শুনেছি, তবে অপহৃত জেলের পরিবারের পক্ষ থেকে এখনো লিখিতভাবে অবহিত করা হয়নি। তারপরও বিজিপির সঙ্গে যোগাযোগ করে জেলেদেরকে ফেরত আনার চেষ্টা করা হচ্ছে।
ইত্তেফাক/এসএস