মুন্সীগঞ্জে পুলিশের উপর গুলি: অস্ত্রসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জ শহরের দক্ষিণ কোর্টগাঁওয়ে পুলিশকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছোঁড়ে। এতে এক কনস্টেবল আহত হয়েছেন। এসময় পুলিশ অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে।
 
আহত সুলতান আহম্মেদ (৩৬) নামের এক পুলিশ কনস্টেবলকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ১৭ মামলার আসামী শাহজালাল মিজিকে (৩২) গ্রেফতার করার জন্য পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। ওই সময় পুলিশের উপর ৬/৭ রাউন্ড গুলি ছুড়ে ময়লা ট্যাঙ্কের উপর দিয়ে শাহজালালসহ ছয় জন পালিয়ে যায়।
 
তবে দ্বিতল ভবনের ছাদ থেকে টিনের চালায় লাফিয়ে পড়ে সহযোগী রাসেল খান মিলন (৩০) পায়ে আঘাত পায়। পুলিশ তার কোমর থেকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার করে। সাথে গ্রেফতার হয় মো. শামীম (৩০)। তার পকেট থেকে উদ্ধার করা হয় দুই রাউন্ড গুলি। পুলিশ রাসেল খান মিলনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। 
 
তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। সাত দিনের রিমান্ড আবেদনসহ বুধবার গ্রেফতারকৃত মো. শামীমকে আদালতে পাঠায়। আদালত বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য রেখে তাকে জেল হাজতে পাঠায়।
 
ইত্তেফাক/এসএস