বিডিজবসের মাধ্যমে প্রতারণা, কোটি টাকা লোপাট

চাকরি খোঁজার ওয়েবসাইট ‘বিডিজবস’-এ বিজ্ঞাপন দিয়ে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। গত ৩-৪ বছরে কাতারভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের নাম করে এ টাকা হাতিয়ে নেয় তারা। প্রতারক চক্রটির মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। তারা হলো, মূল হোতা শাহীন হায়দার, হাসান, তাজুল ও শ্যামল।

গতকাল বুধবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার তার নিজ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, ‘এই চক্রের সঙ্গে বিডিজবসের কিছু অসাধু কর্মকর্তা সম্পৃক্ত আছে। যারা এই প্রতারকদের সহায়তা করেছে। কাতারভিত্তিক প্রতিষ্ঠান ডেলটা গ্রুপ, আলী বিন গ্রুপ, এবিএ গ্রুপের নাম করে রিটেইল স্টোর ম্যানেজার বা কমার্শিয়াল ম্যানেজার পদের জন্য বিডিজবসে চাকরি বিজ্ঞাপন দিত প্রতারক চক্র। লোভনীয় বেতন ও সপরিবারে কাতারে গিয়ে কাজ করার কথা বলত।’

প্রতারণার প্রক্রিয়া সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা জানান, আগ্রহী প্রার্থীরা বিডিজবসের বিজ্ঞাপন দেখে, ওই লিংকে গিয়ে আবেদন করেন। প্রার্থীকে আবেদনে একটি ইমেইল অ্যাড্রেস দিতে হয়। আবেদনের ৫-৭ দিন পর প্রতারকচক্র প্রার্থীর কাছে একটি ইমেইল পাঠায়। এতে বলা হয়, উক্ত পদের জন্য আপনাকে নির্বাচন করা হয়েছে। নিয়োগটি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কোম্পানির একজন প্রতিনিধি বাংলাদেশে অবস্থান করছে বলে জানানো হয়। কোম্পানি প্রতিনিধির ফোন নম্বরও দিয়ে দেওয়া হয়। পরে আবেদনকারী ওই প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করলে নানা কথা বলে ব্যস্ততার কথা বলে ৩-৪ লাখ টাকা হাতিয়ে নেয়।