দুর্নীতি দমন কমিশনের (দুদক) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদ বলেছেন, ধানায়-পানায় করে কোন লাভ নেই। আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ। জনগণ যদি চাই তবে আপনাকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দুদক।
বুধবার রাজধানীর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রাজউকের সেবা সম্পর্কিত বিষয়ের ওপর গণশুনানিতে তিনি এ কথা বলেন।
ড. নাসির উদ্দিন আহমেদ বলেন, রাজউকের ওপর প্রকৃতপক্ষে জনগণের আস্থা নেই। আস্থা বৃদ্ধি করতে হলে রাজউককে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে সেবার মান বৃদ্ধি করতে হবে। কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে।
তিনি বলেন, আমরা দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। কেউ আইনের উর্ধ্বে নয়। কাউকে ছাড় দেয়া হবে না। আমরা যদি সুনির্দিষ্ট তথ্য পাই এবং তাতে দুর্নীতি উপাদান থাকে তাহলে আমরা প্রত্যেকটি অভিযোগ অনুসন্ধান করবো।
গণশুনানিতে ৪০ জনের অধিক সেবাগ্রহীতা তাদের অভিযোগ পেশ করেন। প্রতিটি অভিযোগ সম্পর্কে রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের অবস্থান ব্যাখ্যা করেন।
রাজউক চেয়ারম্যান বজলুল করিম চৌধুরী বলেন, ‘জবাবদিহিতার মাধ্যমেই আমাদের সেবা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের পুরো সেবা প্রক্রিয়া অটোমেশন করার কার্যক্রম হাতে নিয়েছি। আমরা যদি আমাদের সব কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে পারি তাহলে অনেক সমস্যারই সমাধান হবে।’
দুদকের মহাপরিচালক ফরিদ আহমেদ ভূইয়া ও পরিচালক নাসিম আনোয়ারের সঞ্চালনায় এ শুনানি অনুষ্ঠিত হয়।
ইত্তেফাক/ইউবি