আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ, আটক ৩

সাভার উপজেলার আশুলিয়ায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ বখাটেকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় আশুলিয়ার ঘোষবাগ এলাকায়।

আটককৃতরা হলো- নোয়াখালী জেলার হাতিয়া থানার রেহানিয়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে মুনসুর আলী ওরফে রনি, দিনাজপুরের বিরল থানার শ্যামপুর গ্রামের বাদশা মিয়ার ছেলে আনিস এবং আশুলিয়ার ঘোষবাগ গ্রামের আবুল হোসেনের ছেলে ইয়াছিন আরাফাত ওরফে শুভ।

জানা যায়, মঙ্গলবার বিকালে স্বামীর সাথে ঘুরতে বেরিয়েছিলেন ভুক্তভোগী ওই গৃহবধূ। সন্ধ্যার পর বাড়ি ফেরার পথে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় ওই তিন বখাটে ওই দম্পতিকে আটক করে। এসময় তারা বিবাহিত নন, এমন মিথ্যা অপবাদ দিয়ে বখাটেরা স্বামী-স্ত্রী উভয়কে মারপিঠ ও ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তাদেরকে স্থানীয় গোফরানের বাড়িতে নিয়ে যায়। স্বামীকে একটি রুমে আটকে রেখে গৃহবধূকে অন্য রুমে নিয়ে মুনসুর আলী রনি নামের বখাটে গৃহবধূকে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর স্বামী কৌশলে মোবাইলফোনে জাতীয় হেল্প লাইন ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানায়। অভিযোগ করার পর আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে উদ্ধার করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আজহারুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় মামলা দায়ের করেছেন। তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে তিনজনকে আটক করা হয়েছে।