আলেপ্পোয় নতুন চুক্তির ঘোষণা দিল বিদ্রোহীরা

 
সিরিয়ার আলেপ্পোর বেসামরিক লোক ও আহতদের নিরাপদে শহর ছেড়ে যাবার জন্য একটি নতুন চুক্তির ঘোষণা দিয়েছে বিদ্রোহীরা। বাশার বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের আগের অস্ত্রবিরতি চুক্তি ভেঙ্গে যাবার পর বুধবার নতুন ঘোষণাটি এলো। তবে সিরীয় সরকারের ঘনিষ্ঠ সূত্র নতুন চুক্তির বিষয়টি নাকচ করে দিয়েছে। 
 
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, নূরেদ্দিন আল-জিনকি ও আহরার আল-শাম বিদ্রোহী গ্রুপ দুটি নিশ্চিত করেছে যে বুধবার সংঘর্ষ শুরু হওয়ার কয়েক ঘন্টা পর নতুন অস্ত্রবিরতি চুক্তি হয়েছে।
 
নূরেদ্দিন আল-জিনকির রাজনৈতিক কর্মকর্তা ইয়াসের আল-ইউসেফ বলেন, রাশিয়া ও তুরস্কের রেড ক্রিসেন্টের মধ্যস্থতায় আলেপ্পোতে একটি অস্ত্রবিরতি চুক্তি কার্যকর হয়েছে। 
 
তিনি আরো বলেন, চুক্তিটির আওতায় বৃহস্পতিবার ভোরে বেসামরিক লোক ও আহতদের প্রথম দলটি শহর ছাড়বে।  বিদ্রোহীদের ব্যাপারেও একটি চুক্তি হয়েছে। তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।
 
তবে এই চুক্তির খবরকে সিরিয়ার একটি সরকারি সূত্র অস্বীকার করেছে। সূত্রটি জানায়, এ ধরনের কোন চুক্তি হয়নি। উভয়পক্ষের মধ্যে একটি সমঝোতার লক্ষ্যে আলোচনা চলছে।
 
ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলছে এবং আগের চুক্তিটি ভেঙে গেছে।
 
প্রাথমিক চুক্তির আওতায় বুধবার ভোরে কয়েক হাজার বেসামরিক লোক ও বিদ্রোহী যোদ্ধাকে নিরাপদে সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরীর পূর্বাংশ ছেড়ে অন্যত্র চলে যেতে দেয়ার কথা ছিল।
 
প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় ক্ষুধার্ত বেসামরিক লোকেরা ভোরের আগেই শহর ছেড়ে যাবার জন্য নির্ধারিত স্থানে জমায়েত হয়েছিল। কিন্তু উভয়ক্ষের মধ্যে অস্ত্রবিরতি ভেঙ্গে যাওয়ায় সেটি আর সম্ভব হয়নি।
 
পূর্ব আলেপ্পো থেকে মানবাধিকারকর্মী অ্যাক্টিভিস্ট মোহাম্মাদ আল-খাতিব বলেন, বোমা বর্ষণ চলছেই। আমাদের কেউই এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারছি না। আহত ও নিহতরা রাস্তায় পড়ে আছেন। এই পরিস্থিতিতে কেউই লাশগুলো উদ্ধার করার সাহস করছে না। 
 
ইত্তেফাক/এএসএস