যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীরা সবাই সুপারস্টার ----------------মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বলেছেন, যেসব বাংলাদেশি শিক্ষার্থী আমেরিকায় পড়তে গেছে তারা সবাই সুপারস্টার। বিশ্ব জানে বাংলাদেশি শিক্ষার্থীদের। যারা পড়াশোনার ব্যাপারে আগ্রহী তারা আমেরিকার সব কলেজেই আবেদন করতে পারে। একসময় তারাই হবে শিক্ষা এবং সামাজিক ক্ষেত্রে তারকা। ২০১৮ সালে ৭ হাজার ৪৯৬ জন বাংলাদেশি শিক্ষার্থী আমেরিকায় উচ্চশিক্ষার জন্য গেছে।

গতকাল বুধবার দুপুরে রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘আমেরিকান কর্নার’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আমেরিকান কর্নার রয়েছে। শিক্ষানগরী এবং ঐতিহ্যবাহী রাজশাহীতেও এটি চালু হলো। এর মাধ্যমে রাজশাহীর শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের শিক্ষাবিষয়ক বিভিন্ন তথ্য খুব সহজে পাবে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থীদের প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া শিক্ষার্থীরা খুবই মেধাবী ও ভালো। এ কারণে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বেশি পরিমাণে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ প্রদান করে আসছে।

অনুষ্ঠানে অতিথিদের শুভেচ্ছা ও স্বাগত জানান বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা প্রফেসর সাইদুর রহমান খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর আনন্দ কুমার সাহা, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সদস্য কামরুন রহমান খান, ট্রেজারার প্রফেসর তারিক সাইফুল ইসলাম, নির্বাহী পরিচালক শামীম আহসান পারভেজ প্রমুখ ।

পরে আর্ল রবার্ট মিলার রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিচালিত বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেন।