কুমিল্লার হোমনা উপজেলায় বোরো মৌসুমে সেচ-সুবিধা নিশ্চিত করতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন সেচ মালিক ও প্রকল্প ব্যবস্থাপকরা।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের সঙ্গে মতিবিনিময়কালে সেচ মালিক ও প্রকল্প ব্যবস্থাপকরা এ দাবি জানায়।
ইউএনও কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. আজিজুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মো. জুলফিকার আলী, কুমিল্লা পল্লি বিদ্যুৎ সমিতি ০৩ এর ডিজিএম মো. আক্তার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডের কামান্ডার মো. মোশারফ হোসেন ও ডেপুটি কমান্ডার মো. আবুল কাশেম প্রধান, সেচ মালিক আবদুল মালেক ও লাল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
কৃষি অধিদফতর সূত্রে জানা গেছে, উপজেলার মোট ছয় হাজার হেক্টর জমির মধ্যে পাঁচ হাজার সাড়ে সাত শ হেক্টর আবাদি জমির জন্য এক শ ১৮টি বিদ্যুৎ চালিত এবং চার হাজার ২০০ টি ডিজেল চালিত সেচ প্রকল্প রয়েছে। সেচ মৌসুমে নিয়মিত বিদ্যুৎ না থাকা, মিটার প্রাপ্তিতে নানা জটিলতা ও অতিরিক্ত অর্থ ব্যয় এবং ডিজেলের অধিক মূল্যের কারণে সেচ সুবিধা বাধাগ্রস্ত হয় বলেও অভিযোগ করেন কৃষকরা। এ সব বিষয়গুলো গুরুত্ব সহকারে নিরসন করার দাবি জানান কৃষকরা।
ইত্তেফাক/এএসএমইউ