কুষ্টিয়ায় র‌্যাবের কাছে জেএমবি সদস্যের আত্মসমর্পণ

কুষ্টিয়ায় র‌্যাবের কাছে এক জঙ্গি সদস্য স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে জেএমবি সদস্য সালাউদ্দিন আহম্মেদ সুজনকে (৩৪) হাজির করা হলে তিনি অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসার জন্য র‌্যাবের কাছে আত্মসমর্পণ করেন বলে ঘোষণা দেন। আত্মসমর্পণকারী ওই জেএমবি সদস্যের বাড়ি রাজশাহী জেলার বাঘা উপজেলার চাঁদপুর গ্রামে। 
 
র‌্যাব-১২ কুষ্টিয়ার কোম্পানি কোমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব জানান, রাজশাহীর বাঘা উপজেলার আব্দুল হালিম মোল্লার ছেলে সালাউদ্দিন আহম্মেদ ওরফে সুজন ২০১৫ সালের মার্চ মাসে তার শ্বশুর বাড়ি কুষ্টিয়ার খাজানগর চাউলের মোকামের সুজন রাইচ মিলের ম্যানেজার পদে যোগদান করেন। পরে সেখানকার স্থানীয় জঙ্গী সাইজুদ্দীন,আজিজুল, জয়নাল ও সাইফুলসহ বেশকিছু লোকজনের সাথে তার সখ্যতা গড়ে উঠে। তাদের সাথে তিনি নিয়মিত মসজিদে নামাজ আদায় করতেন এবং ধর্মীয় বিষয়াদিতে অংশ গ্রহণ করতেন। পরে জেএমবি সদস্য আজিজুলসহ তার সহযোগীরা সালাউদ্দিনকে ধর্মীয় উগ্রবাদ ও জিহাদের জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়া হয়। 
 
এছাড়া দেশের প্রচলিত আইন ব্যবস্থার অসঙ্গতির কারণে জঙ্গিবাদের মাধ্যমে যেকোন ত্যাগ স্বীকারেও সালাউদ্দিনকে প্রস্তুত থাকতে বলা হয়। পরবর্তীতে চূড়ান্ত জিহাদের জন্য তাদের টার্গেটমত মানুষ হত্যার জন্য সালাউদ্দিনকে ঘর ছেড়ে বেরিয়ে আসার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করা হলে তিনি ভিত সন্ত্রস্ত হয়ে পড়েন এবং সমিতিতে জমাকৃত উত্তোলন করে নিজকে আড়াল করার চেষ্টা চালান। 
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, এক পর্যায়ে সালাউদ্দিন কুষ্টিয়া থেকে অন্যত্র আশ্রয় গ্রহণ করেন। জঙ্গি সংগঠনে যোগদানের আগে সালাউদ্দিন বাঘা এলাকায় কৃষি কাজ করতেন। এছাড়া নিজ এলাকায় মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী পরিবহনও করতেন। ‘জঙ্গিবাদের অন্ধাকার পথ ছেড়ে আলোর পথে ফেরার জন্য আত্মসমর্পণ করলে জঙ্গিদের পুনর্বাসন করা হবে’ সরকারের এই ঘোষণায় সাড়া দিয়ে সালাউদ্দিন স্বাভাবিক জীবনে ফিরে আসার বিষয়টি র‌্যাবের কাছে জানায়। 
 
কুষ্টিয়া র‌্যাব-১২ ইউনিটের কমান্ডারের সার্বিক তত্ত্বাবধান ও উৎসাহে জঙ্গী সালাউদ্দিন আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন। তবে জঙ্গি সংগঠনে সম্পৃক্ত হওয়ার পর সালাউদ্দিনের বিরুদ্ধে কোন মানুষ খুন, আগ্নেয়াস্ত্র ব্যবহার, বহন কিংবা উগ্র জঙ্গিবাদী অপারেশনাল কোন কর্মকাণ্ডে সক্রিয় অংশ গ্রহণের কোন আলামত র‌্যাব পাইনি বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
 
আত্মসমর্পণকারী জঙ্গি সালাউদ্দিন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, জঙ্গিবাদের পথ সঠিক পথ নয়। তাই তিনি নিজের ভুল বুঝতে পেরে সরকারের আহ্বানে সাড়া দিয়ে অন্ধকার পথ ছেড়ে আত্মসমর্পণ করেন।
 
এদিকে সরকারের ঘোষণা অনুযায়ী স্বেচ্ছায় আত্মসমর্পণ করায় র‌্যাবের পক্ষ থেকে র‌্যাব-১২ এর অধিনায়ক শাহাবুদ্দিন খান পুনর্বাসনবাবদ জঙ্গি সালাউদ্দিনের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন। সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর অধিনায়ক শাহাবুদ্দিন খান, কুষ্টিয়া র‌্যাবের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিব, র‌্যাব কর্মকর্তা হাবিব, জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন। 
 
 
ইত্তেফাক/এমআই