পবিত্র রমজান মাসে কৃত্রিম উপায়ে কোনো পণ্যের সংকট সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনিশ। তিনি বলেন, পণ্যের উত্পাদনকারী ও আমদানিকারকদের পণ্য বিক্রয়ের সময় অবশ্যই রশিদ সরবরাহ করতে হবে। পাইকারি ও খুচরা বিক্রেতারা সে অনুযায়ী যৌক্তিক মূল্যে পণ্য বিক্রয় করবেন। গতকাল বুধবার সচিবালয়ে আসন্ন রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের স্থানীয় উত্পাদন, আমদানি, মজুত অবস্থা ও মূল্য পরিস্থিতি নিয়ে এক পর্যালোচনা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় সব পণ্যের মজুত স্বাভাবিক রয়েছে। চাহিদার তুলনায় অনেক বেশি পণ্য মজুত রয়েছে। সরবরাহ চেইনেও কোনো সমস্যা নেই। তাই রমজানে কোনো পণ্যের দাম বৃদ্ধি পাবে না। রমজান মাসে ব্যবসায়ীদের সততার সঙ্গে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় নিশ্চিত করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, পণ্য পরিবহনে যাতে চাঁদাবাজি না হয়, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। প্রতিটি জেলার প্রশাসন এ বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, রমজানে পণ্য আমদানি ও পরিবহনের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। কোথাও কোনো প্রতিবন্ধকতা থাকবে না। বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বাণিজ্য সচিব মো. মফিজুল ইসলাম, ট্যারিফ কমিশনের চেয়ারম্যান জ্যোতির্ময় দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।