লক্ষ্মীপুরে সিএনজি ও মোটর সাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত, আহত ৩

লক্ষ্মীপুরে মোটর সাইকেল ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আদনান হোসেন নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। বুধবার সকালে সদর উপজেলার খিলবাইছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আদনান লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থী। আহতরা হলেন- মোটর সাইকেল আরোহী রিংকু, সিনএজির যাত্রী আনজুমান ও আবুল হোসেন।

প্রত্যক্ষদর্শী রিয়াদ হোসেন জানান, সকালে মোটর সাইকেলে চড়ে বাজারে যাচ্ছিলেন আদনান ও রিংকু। একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী আদনানসহ ৪ জন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক আদনানকে মৃত বলে জানান।