মিরপুরে খাবার খেয়ে ১১ নির্মাণ শ্রমিক অসুস্থ

রাজধানীর মিরপুরে একটি নির্মাণাধীন ভবনে রাতের খাবার খেয়ে ১১ নির্মাণ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তারা হলেন- বাবু, আনোয়ার, মেহেদী, জাহিদ, আলমগীর, সালাম, রিয়াদ, নাজমুল, নজরুল, জাফর ও হানিফ। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে মিরপুরে ১২ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।
 
ভবনের প্রকৌশলী শাহ আলম জানান, অসুস্থ শ্রমিকরা নির্মাণাধীন ভবনটিতে থাকতেন। একজন বুয়া তাদের খাবার রান্না করতেন। রাতে তারা ভাতের সঙ্গে ডাল, পেঁপে ও বাঁধাকপির সবজি খেয়ে একে একে সবাই অচেতন হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে ঢামেকে ভর্তি করা হয়।
 
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, অসুস্থ শ্রমিকদের পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। তারা ঢামেকের নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছে। খাদ্যে বিষক্রিয়ায় এ সমস্যা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পরে প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/এমআই