তদন্তে নির্দোষ হলেও ট্রাম্প-রাশিয়া আঁতাতে বিশ্বাস অর্ধেক মার্কিনীর

রাশিয়ার সঙ্গে আতাঁত নিয়ে তদন্তে নির্দোষ প্রমাণিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তাতেও জনগনের মধ্যে এ নিয়ে সন্দেহের অবসান হয়নি। প্রায় অর্ধেক মার্কিনী মনে করেন, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রভাব বিস্তার করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। রয়টার্স/ইপসোস’র জরিপে এই তথ্য জানা গেছে।

রাশিয়ার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের যোগসাজস ছিল কিনা সেই বিষয়ে দীর্ঘ ২২ মাস তদন্ত করেছিল সাবেক এফবিআই প্রধান রবার্ট মুলারের নেতৃত্বাধীন স্পেশাল কাউন্সেল। তদন্তে প্রেসিডেন্ট ট্রাম্প নির্দোষ প্রমাণিত হয়েছেন। যদিও তদন্ত চলাকালে তার সাবেক ছয় সহযোগীসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের চার পৃষ্ঠার সারমর্ম এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দোষ প্রমাণের তথ্য তেমন একটা প্রভাব ফেলেনি মার্কিনীদের মধ্যে। যদিও ট্রাম্প তদন্তে বাধাগ্রস্ত করেছিলেন কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি তদন্ত কমিটি। জরিপে দেখা গেছে, ৪৮ ভাগ মার্কিনী বলেছেন, ট্রাম্প কিংবা তার নির্বাচনী প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট কেউ রাশিয়ার সঙ্গে যোগাযোগ রেখে নির্বাচনে হস্তক্ষেপ করেছিলেন। ৫৩ ভাগ মনে করেন, প্রশাসনের ওপর রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে তদন্তে বাধা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। জরিপে ডেমোক্র্যাটদের বেশিরভাগই ট্রাম্প-রাশিয়া আতাঁতে বিশ্বাস করেন। রিপাবলিকানদের এই মনোভাবটা কম। গত সোমবার ও মঙ্গলবার ১০০৩ জন প্রাপ্তবয়স্কের মধ্যে জরিপ পরিচালনা করা হয়।