১০ রিপ্রেজেন্টেটিভকে গ্রেফতারের প্রতিবাদ

নরসিংদীতে ফারিয়া’র ঔষুধ সরবরাহ বন্ধের হুমকি

নেত্রকোনা সদর হাসপাতালে গত বুধবার ডাক্তার ভিজিটের নির্ধারিত সময়ে পুলিশি হয়রানি ও পরবর্তীতে এ বিষয়ে মামলা দায়ের করে ১০ জন রিপ্রেজেন্টেটিভকে গ্রেফতারের প্রতিবাদে নরসিংদী জেলা ফার্মাসিটিকেল রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে নরসিংদী প্রেস ক্লাবের হলরোমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
 
সংবাদ সম্মেলনে ফারিয়া’র চিফ অব প্রেসিডিয়াম এসএম রহমান লিখিত বক্তব্য উপস্থাপন করেন। বক্তব্যে তিনি আগামী ৭২ ঘণ্টার মধ্যে নেত্রকোনায় গ্রেফতারকৃত ফারিয়া সদস্যদের নিঃস্বর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান। নতুবা ময়মনসিংহ বিভাগের সঙ্গে একাত্মতা ঘোষণা করে নরসিংদী জেলায়ও সকল প্রকার ঔষধ সরবরাহ বন্ধ করে দেয়া হবে বলে উল্লেখ করেন। পাশাপাশি অন্য যেকোন ধরনের কর্মসূচি গ্রহণ করতে তাদেরকে বাধ্য করা হবে বলেও উল্লেখ করেন।
 
এসময় ফারিয়া’র নরসিংদী জেলা সহ-সভাপতি, জায়নুর রহমান শিশির, মো. আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক শফিক মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 
 
 
ইত্তেফাক/এমআই