স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের এই অগ্রযাত্রা ধরে রাখতে হলে সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মনে রাখতে হবে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হবে। আর দেশকে এগিয়ে নিতে হলে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিকল্প নেই।
বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্সটিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অব বাংলাদেশ (আইসিএমএবি) ঢাকা ব্রাঞ্চ কাউন্সিল আয়োজিত ফেলোশিপ নাইট-২০১৬-এর উদ্বোধনকালে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে যারা উপহাস করেছিল তারা আজ সত্যিকারের তথ্যপ্রযুক্তি সমৃদ্ধ বাংলাদেশ নিয়ে গর্ব করতে পারছে। স্বাধীনতার পর যিনি বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছিলেন, তিনিই কিছুদিন আগে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হিসাবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে গেছেন।
প্রায় ১০ হাজার নার্স নিয়োগ দিয়ে বাংলাদেশের স্বাস্থ্য খাতের ইতিহাসে বিরল ঘটনা ঘটলো বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সরকার এর মাধ্যমে দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে গেল।
আইসিএমএবি ডিবিসির চেয়ারম্যান কাজী মুহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি