ভারতে ক্ষেপনাস্ত্র দিয়ে উপগ্রহ ধ্বংসের দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে এই সামরিক সক্ষমতা অজর্ন করল ভারত। গতকাল বুধবার জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘মহাকাশের মহাশক্তি’ হিসেবে আত্মপ্রকাশ করেছে ভারত।
গতকাল বুধবার দেওয়া এক ভাষণে মোদি বলেন, অ্যান্টি স্যাটেলাইট মিসাইল (এ-স্যাট) দিয়ে ভারত লো-আর্থ অরবিট (এলইও) এ থাকা একটি কাজে না লাগা কৃত্রিম উপগ্রহকে ধ্বংস করেছে। মাত্র তিন মিনিটের মধ্যেই এই অপারেশন সম্পন্ন হয়। ‘মিশন শক্তি’ নামের এই অপারেশনের সাফল্যের জন্য ডিআরডিও’র বিজ্ঞানীদের অভিনন্দন জানান তিনি। প্রধানমন্ত্রী মোদি বলেন, এটা কোনো দেশের বিরুদ্ধে নয়। ভারতের সক্ষমতা দেখানোই আমাদের লক্ষ্য। ভারতের নিরাপত্তা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কারিগরি উন্নতিতে এটা একটা বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি।
অ্যান্টি স্যাটেলাইট মিসাইল কী
এক ধরনের উচ্চক্ষমতা সম্পন্ন নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র যা দিয়ে মহাকাশে অবস্থিত কৃত্রিম উপগ্রহ ধ্বংস করা যায়। এর প্রাথমিক উদ্দেশ্য, মহাকাশে নিজের দেশের যে সমস্ত কৃত্রিম উপগ্রহ আছে এবং গবেষণামূলক কাজকর্ম চলছে সেগুলোকে নিরাপত্তা দেওয়া। সেই সঙ্গে মহাকাশ থেকে কোনো শত্রু দেশের আক্রমণ হলে তা যেন মহাকাশেই প্রতিহত করা যায় তা নিশ্চিত করা। এর সঙ্গে প্রয়োজনে পরমাণু অস্ত্রও যুক্ত করা যায়। পৃথিবী থেকে ৩১শ’ নটিক্যাল মাইল (৫৭৪১কিমি) পর্যন্ত এলাকাকে লো আর্থ অরবিট বলা হয়। সাধারণত সমস্ত দেশেরই মহাকাশে অবস্থিত সামরিক গবেষণা এবং কার্যকলাপ ওই এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে। ভারতের তৈরি অ্যান্টি স্যাটেলাইট মিসাইলও ওই লো আর্থ অরবিটেই সফলভাবে কৃত্রিম উপগ্রহ ধ্বংস করেছে।