কুষ্টিয়া শহরের একতা ডায়াগনষ্টিক সেন্টারের এক চিকিৎসক কর্তৃক যৌন হয়রানীর অপমান সইতে না পেরে এক গৃহবধু আত্মহত্যা করেছে মর্মে চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।।আত্মহননকারী ওই গৃহবধুর নাম রুনি (২৩)। সে মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের নওদা গোপালপুর গ্রামের মাছুমের স্ত্রী।
ঘটনার মৌখিক অভিযোগ পেয়ে মিরপুর থানার সেকেন্ড অফিসার এস আই রাজিব শিকদার ও এস আই আনিছ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এস আই রাজিব শিকদার ঘটনাস্থল ঘুরে এসে জানান, দীর্ঘদিন শারিরীক সমস্যা থেকে আরোগ্য পেতে গ্রামের এক চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া শহরের একতা ডায়াগনষ্টিক সেন্টারে যান রুনি। সেখানে আলট্রাসনোগ্রাফী করার সময় এক চিকিৎসক রুনিকে যৌন হয়রানী করেছে বলে তাদের স্বজন ও গ্রামবাসীরা জানিয়েছেন।
চিকিৎসকের ওই যৌন হয়রানীর অপমান সইতে না পেরে গৃহবধু রুনি বাড়ীতে ফিরে পরিবারের সবার অলক্ষে টিনের ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
ইত্তেফাক/এএন