সিডনি সিক্সারসের বিপক্ষে জয় দিয়ে নিউজিল্যান্ড সফরের প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ। শুক্রবার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে মাশরাফি বিন মুর্তজার দল।
সিডনির স্পটলেস স্টেডিয়ামে বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডারের মুখোমুখি হবে বিসিবি একাদশ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় ও বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
ম্যাচটিকে ঘিরে সিডনিতে ব্যাপক সাড়া পড়েছে। সিডনি থান্ডারের অফিসিয়াল ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, আজকের ম্যাচের পাঁচ হাজার টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। মাশরাফি-মুশফিকদের খেলা দেখতে প্রবাসী বাঙালিরা মুখিয়ে আছেন। সিডনি থান্ডারের সদস্যরা ফ্রি দেখতে পারবেন ম্যাচটি। স্পটলেস স্টেডিয়ামে আজ বড়সড় দর্শক সমাগম আশা করছে আয়োজকরা।
সিডনি সিক্সারসকে সাত উইকেটে হারালেও দলের প্রস্তুতি পুরোপুরি হয়নি বলে তুষ্ট হতে পারেননি অধিনায়ক মাশরাফি। কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নেওয়ার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। বুধবার নর্থ সিডনি ওভাল গ্রাউন্ডে বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য কমে এসেছিল। বোলাররা ২০ ওভার বোলিং করেছিলেন। কিন্তু বৃষ্টিতে মাত্র আট ওভার ব্যাটিং করতে পেরেছিলেন ব্যাটসম্যানরা। আট ওভারে ৮৪ রানের টার্গেট বিসিবি একাদশ টপকে গিয়েছিল দুই বল বাকি থাকতেই।
মাহমুদউল্লাহ রিয়াদ সর্বোচ্চ ১২ বলে ২৮ রান করেছিলেন। পুরো ম্যাচ খেলতে না পারার আক্ষেপ ছিল মাশরাফির কণ্ঠে। বুধবার ম্যাচের পর মাশরাফি সাংবাদিকদের বলেছিলেন, ‘যদি বৃষ্টির বাধা ছাড়া ব্যাটিং করতে পারতাম তাহলে ভালো হতো। আমার মনে হয় এসব প্রস্তুতি ম্যাচ ব্যাটসম্যানদের জন্য সবচেয়ে ভালো সুযোগ নিজেদের মেলে ধরার জন্য।’
তিনি আরও বলেন, ‘যত দ্রুত সম্ভব আমাদের এই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা অনেক বছর ধরে খেলছি। এখন বাইরের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার মোক্ষম সময়। এবং দেশের বাইরে নিজেদের শক্তি প্রমাণ করতে হবে।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশা করছেন মাশরাফি। তিনি বলেন, ‘আমি অতীত নিয়ে ভাবতে চাই না। বরং ভবিষ্যতের দিকে তাকাতে চাই। যদি আমরা মানিয়ে নিতে পারি এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি আমি আত্মবিশ্বাসী যে, সিরিজটা অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের ভালো সুযোগ থাকবে এবং আমরা ভালো করব।’
প্রথম প্রস্তুতি ম্যাচে বল ও ব্যাটে ভালো পারফরম্যান্স করেছেন সৌম্য সরকার। গত এক বছর ধরে রানখরায় ভোগা এই তরুণ নিউজিল্যান্ড সফরে ছন্দে ফিরবেন বলে সবার আশা। আজ প্রস্তুতি ম্যাচে খেলতে পারেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। দুজনই প্রথম ম্যাচে খেলেননি।
গতকাল অনুশীলনে বিরতি ছিল। গোটা দলটাই বিশ্রামে ছিল। তবে বাংলাদেশের অনেক ক্রিকেটার অনুশীলন না থাকায় টিম হোটেলের কাছাকাছি শপিং মলে কেনাকাটা করেছেন। নিজেদের মতো করে ঘুরে বেড়িয়েছেন ক্রিকেটাররা।
এদিকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে সিডনি থান্ডার। দলে আছেন ইংল্যান্ডের ওয়ানডে দলের অধিনায়ক এউইন মরগান। সিডনি থান্ডারের জার্সিতে আজকের ম্যাচে মাশরাফিদের বিপক্ষে খেলবেন মরগান। গত অক্টোবরে নিরাপত্তা ঝুঁকির দোহাই দিয়ে বাংলাদেশ সফরে আসেননি তিনি। এ ছাড়া দলে আছেন ফাওয়াদ আহমেদ, পেস বোলার প্যাট কামিন্স, ক্লিন্ট ম্যাককে’র মতো ক্রিকেটার। বাংলাদেশে ঘরোয়া ক্রিকেট খেলে যাওয়া ওপেনার অ্যাইডেন ব্লিজার্ডও খেলবেন এই ম্যাচে।
সিডনি থান্ডারের স্কোয়াড
ফাওয়াদ আহমেদ, অ্যাইডেন ব্লিজার্ড, প্যাট কামিন্স, জ্যাক ডোরান, রায়ান গিবসন, ক্রিস গ্রিন, জে লেন্টন, কার্টিস প্যাটারসন, এউইন মরগান, নাথান অ্যালিস্টার ম্যাকডারমট, ক্লিন্ট ম্যাককে, অর্জুন নায়ার ও গুরিন্দার সান্ধু।
ইত্তেফাক/এমএইচ