রামগতিতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৫নম্বর ওয়ার্ডে মসজিদের মুয়াজ্জিন মো. শাহাবউদ্দিন ও তার স্ত্রী শাহানাজ বেগমকে বসত ঘরে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। 
 
এ সময় দুর্বৃত্তরা শাহাবউদ্দিনকে অপহরনের চেষ্ঠাও করে। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে ওই ওয়ার্ডের শ্যামলগ্রাম এলাকার ইব্রাহিম হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। শাহাব উদ্দিন ওই বাড়ির জয়নাল আবদ্দিনের ছেলে। সে স্থানীয় বায়তুন নুর জামে মসজিদে মুয়াজ্জিনের চাকরি করেন। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশী আবদুর রবের ছেলে মো. ইউনুসকে আটক করে।
 
শাহাবউদ্দিনের বড়ভাই শাজাহান জানান, গভীর রাতে তার ভাইকে ‘হুজুর’ বলে ডাক দিলে সে ঘরের দরজা খুলে দেয়। এসময় ৮-১০ জনের একদল দুর্বৃত্ত বসতঘরে ডুকে শাহাবউদ্দিন ও তার স্ত্রী শাহানাজকে এলোপাতাড়ি কুপাতে থাকে। তাদের চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে দুবর্ৃৃত্তরা শাহাবউদ্দিনকে টেনেহিছড়ে ঘরের বাহিরে নিয়ে যায় এবং অপহরণের চেষ্ঠা করে। পরে স্থানীয়রাসহ তাদেরকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে নোয়াখালী ইনসাফ (প্রাঃ) হাসপাতালে ভর্তি করা হয়।  
 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এ ঘটনার সাথে জড়িত সন্দেহে মো. ইউনুস নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনা তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/এমএইচ