দিনাজপুরে মহান বিজয় দিবস উদযাপিত

 
দিনাজপুরে দিনব্যাপী কর্মসূচীর মধ্য দিয়ে শুক্রবার উদযাপিত হয়েছে ৪৫তম মহান বিজয় দিবস।
 
বিজয় দিবসের প্রথম প্রহরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে স্থাপিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পন করেছেন প্রথমিক ও গণশিক্ষা মন্ত্রী এডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
 
রাত ১২টা ১ মিনিটে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মন্ত্রী মোস্তাফিজুর রহমান ও হুইপ ইকবালুর রহিম চেহেল গাজী মাজার চত্বরে যান এবং সেখানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন তারা।
 
এর পর পরই জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার হামিদুল আলম শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পন করেন। পরবর্তীতে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, দিনাজপুর প্রেস ক্লাব, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পন করে।
 
এদিকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি রাত ১২টা ১ মিনিটে খানসামায় এবং সকালে চিরিরবন্দরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করেন।
 
দিবসটি উপলক্ষে সকাল ৯টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এখানে সালাম গ্রহন করেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম ও পুলিশ সুপার হামিদুল আলম। কুচকাওয়াজে পুলিশ প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
বেলা ১১টায় দিনাজপুর জেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা দেয়া হয়। এখানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সিদ্দিক গজনবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলমসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা।
 
এদিকে দিনাজপুরের বিরল উপজেলায় যথাযোগ্য মর্যদার সাথে মহান বিজয়ের গৌরবময় ৪৫তম এই দিবসটি উদযাপিত হয়েছে।
 
বিরলে শুক্রবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সুচনা করা হয়। সূর্য উদোয়ের সাথে সাথে সরকারী-বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ৭ টায় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়। বিরল পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজে সালাম ও অভিবাদন গ্রহণ করেন, বিরল উপজেলা চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ,বি,এম রওশন কবীর ও বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মজিদ।
বেলা ১১টায় বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১১.৪৫টায় ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়। উল্লেখ্য, বিরল উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব, বে-সরকারী সংগঠনগুলো পৃথক পৃথক ভাবে স্ব-স্ব এলাকায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
 
ইত্তেফাক/এএম।