বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোল মডেল : খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে পদ্মা সেতুর মতো উন্নয়ন কাজ এগিয়ে চলছে। বাংলাদেশকে এক সময় তলাবিহীন ঝুড়ি বলা হতো। বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়ন রোল মডেল হিসেবে পরিচিতি পাচ্ছে। 
 
শুক্রবার সকাল ১০টার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফরুজ্জামানের সভাপতিত্বে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলে। 
 
খাদ্যমন্ত্রী বলেন, কেউ ষড়যন্ত্র করে বাংলাদেশের উন্নয়ন থামাতে পারবে না। বাংলাদেশের কোথাও জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের স্থান নেই। 
 
তিনি আরো বলেন, নির্বাচনের নামে দেশে কোন রকমের জঙ্গিবাদ মেনে নেয়া হবে না। ২০১৯ সালের ৫ জানুয়ারির একদিন আগেও দেশে জাতীয় নির্বাচন হবে না। সাহস থাকলে সেই নির্বাচনে অংশ গ্রহণ করে জনগণের ভোটে জয়ী হন।
 
এ সময় উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহম্মেদ, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শাহজাহান প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি