বগুড়ার ধুনট উপজেলায় ডাকাতি মামলায় আলমগীর হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেফেতারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার বিকেল ৩টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়। আলমগীর হোসেন ধুনট উপজেলার এলাঙ্গী গ্রামের নুরু প্রামানিকের ছেলে। বৃহস্পতিবার রাতে এলাঙ্গী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আন্তঃজেলা ডাকাত দলের ১০-১২ জন সদস্য ৮ নভেম্বর রাতে উপজেলার খাটিয়ামারি এলাকায় ডাকাতির প্রস্তুতি নেয়। খবর পেয়ে মথুরাপুর-খাটিয়ামারি রাস্তার কাশিয়াহাটা ব্রিজ এলাকা থেকে রাকিব, ফজলু ও মিন্টুকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা কৌশলে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যান, একটি রামদা, তালা কাটার সরঞ্জামাদি ও লোহার রড উদ্ধার করা হয়।
এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যর নাম উল্লখ করে অজ্ঞাত আরো ৮ জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়।
ইত্তেফাক/ইউবি