মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে এক বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে প্রার্থনা করা হয়। শুক্রবার এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার দীর্ঘ ৪৫ বছর পরও ধর্ম নিরপেক্ষ ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে উঠেনি। এখনো দেশে সংখ্যালঘুদের বাড়ি-ঘর, জমি দখল করে নেয়া হচ্ছে। ধর্মীয় নেতাদের নির্বিচারে হত্যা করা হচ্ছে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এক কোটি হিন্দু লোক দেশ ত্যাগ করেছিলেন। অনেক হিন্দুর বাড়ি-ঘর, জমি-জমা জবর দখল করা হয়েছিল। যা আজও তারা ফেরত পায়নি।
বক্তারা বলেন, ধর্মীয় সংখ্যালঘু ও বিদেশীদের ওপর হামলা হচ্ছে। তারা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নির্মুলের দাবি জানান। তারা সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও নির্যাতন বন্ধের মাধ্যমে তাদের রক্ষার দাবি জানান। বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
শ্রী জিয়ন চ্যাটার্জির সভাপতিত্বে প্রার্থনা সভায় বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক, সাবেক সভাপতি শ্রী জয়ন্ত সেন গুপ্ত, সাবেক সভাপতি ও সাংবাদিক স্বাপন কুমার সাহা, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি ডিএম চ্যাটার্জী, আওয়ামী লীগ নেতা মুকুল বোস, পূজা উদযাপন কমিটির নেতা জয়ন্ত সেন দীপু, শ্যামল কুমার রায় ও বিমল কুমার চ্যাটার্জী। প্রার্থনা সভা পরিচালনা করেন বিজয় কৃঞ্চ গোস্বামী।
ইত্তেফাক/কেকে