সোনারগাঁও জাদুঘরে দু’দিনব্যাপী বিজয় উৎসব ও পৌষমেলা শুরু

মহান বিজয় দিবসের ৪৫তম বার্ষিকী পালন উপলক্ষে সোনারগাঁও লোক ও কারুশিল্প ফাউরেন্ডশন দু’দিনব্যাপী মহান বিজয় উৎসব ও পৌষমেলার বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে।এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাদুঘরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। 
 
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পার্ঘ নিবেদন করা হয়।
 
এছাড়া সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূইয়া, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, সোনারগাঁও অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাগণ, সোনারগাঁ উপজেলা প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ পুষ্পার্ঘ নিবেদন করেন।
 
বৈকালিক অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাষাসংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা কামাল লোহানী। বিশেষ অতিথি ছিলেন আব্দুলালাহ্ আল ফারুক, বন্যা লোহানী প্রমুখ। 
 
উৎসবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশুদের অঙ্কিত চিত্র এবং পৌষের পিঠা প্রদর্শনীর আয়োজন করা হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে লোকসঙ্গীত পরিবেশন করেন শিল্পী আনিসা, আইনাল হক বাউল ও তার দল এবং লালন পাঠশালার ছোট্ট সোনামণিগণ। 
 
মহান বিজয় দিবস উপলক্ষে আজ ফাউন্ডেশনের ই-টিকিটিং অনলাইন টিকিট সেবার কার্যক্রমেরও শুভ উদ্বোধন করা হয়। বিপুলসংখ্যক দর্শক ফাউন্ডেশন আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানমালা উপভোগ করেন।-বাসস।
 
 
ইত্তেফাক/এমআই