মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার সাভার জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ কেন্দ্রীয় কমিটি।
এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর সভাপতি জোবায়দা হক অজন্তা, কোষাধ্যক্ষ ও দফতর সম্পাদক আহমাদ রাসেল, সম্পাদকমন্ডলীর সদস্য রবিউল ডালিম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় নেতা মো. এমরান হোসাইন, সাইফুল ইসলাম ও সাভার শাখার সদস্য সচিব দ্রুব আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতারা যুদ্ধাপরাধের দায়ে সর্বোচ্চ আদালতে অভিযুক্ত মানবতাবিরোধী অপরাধীদের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমার সুযোগ বাতিল করার দাবি জানান।
তারা ১৯৭১ সালে মহান স্বাধীনতাযুদ্ধে নির্বিচারে মানুষ হত্যাকারী, নারী নির্যাতনকারী, অগ্নিসংযোগকারী যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।
নেতারা এ দেশীয় দালাল, রাজাকার, আল-বদর ও আল-শামস সদস্যদের বিচারের রায় কার্যকরের পাশাপাশি ১৯৭১ সালে পাকিস্তান বাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীকে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান।
তারা বর্বর পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এ দেশে পাকিস্তান দূতাবাস বন্ধেরও দাবি জানান।-বাসস
ইত্তেফাক/কেকে