ওসমানীনগরে বিজয়ের অনুষ্ঠানে হামলা

সিলেটের ওসমানীনগর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে হামলা হয়েছে। 
 
অনুষ্ঠানের চেয়ার-টেবিল ভাঙচুর করে ও জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে উপজেলার মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালীন এ ঘটনা ঘটে। 
 
জানা গেছে, মঈনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন নিয়ে স্থানীয়দের মধ্যে কিছু দিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শুক্রবার বিদ্যালয় প্রাঙ্গনে  বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে মিরপুর গ্রামের মুজেফর আলীর ছেলে রাফির নেতৃত্বে ৪-৫ জন যুবক হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুরসহ জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেয়।  
 
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম বলেন, ‘স্থানীয় নুরুল ইসলাম রাফিসহ ৪-৫ জন যুবক অনুষ্ঠানের চেয়ার-টেবিল ভাঙচুর করে ও জাতীয় পতাকা ছিঁড়ে মাটিতে ফেলে দেয়।’ 
 
ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী জানান, বিজয় দিবসের অনুষ্ঠানে গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
 
ইত্তেফাক/ইউবি