চার টিভি চ্যানেলের সামনে এফটিপিও’র অবস্থান কর্মসূচির ঘোষণা

বিদেশি সিরিয়াল বাংলায় ডাবিং করে প্রচারের প্রতিবাদ ও বন্ধের দাবিতে আগামী ১৯ ডিসেম্বর থেকে চারটি টিভি চ্যানেলের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে টিভি কলাকুশলী-সংশ্লিষ্টদের সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)।
 
আজ ১৭ ডিসেম্বর, শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এফটিপিওর নেতারা বলেন, সকল টিভি চ্যানেল যেন দ্রুত বিদেশি ডাবিংকৃত সিরিয়াল বন্ধ করে এবং অন্যান্য দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেজন্য অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 
 
অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ ডিসেম্বর দীপ্ত টেলিভিশন, ২০ ডিসেম্বর একুশে টেলিভিশন, ২৮ ডিসেম্বর এসএ টিভি এবং ২৯ ডিসেম্বর মাছরাঙা টেলিভিশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে এফটিপিও। সকাল ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলবে।
IMG0
এফটিপিওর আহ্বায়ক মামুনুর রশীদ ও সংগঠনটির সদস্যসচিব ও ডিরেক্টরস গিল্ডের সভাপতি গাজী রাকায়েত সংবাদ সম্মেলনে বলেন, এরমধ্যে কয়েকটি চ্যানেল বাংলায় ডাবিং করা বিদেশি সিরিয়াল বন্ধ করে দিয়েছে। 
 
উল্লেখ্য, গেল ৩০ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে টেলিভিশন শিল্পী ও কলাকুশলী সমাবেশ করে এফটিপিও। ১৫ ডিসেম্বরের মধ্যে টিভি চ্যানেলগুলোকে বিদেশি সিরিয়াল প্রচার বন্ধের সময়ও বেঁধে হয় ঐ সমাবেশ থেকে। 
 
ইত্তেফাক/এমএআর