ব্যক্তিগত বিদ্বেষ থেকে হ্যাকিং পরিচালনা করেছেন পুতিন: হিলারি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্রেটিক দলের পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, তার প্রতি ব্যক্তিগত বিদ্বেষ থেকে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির বিরুদ্ধে হ্যাকিং পরিচালনা করেছেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই হ্যাকিংয়ের উদ্দেশ্য ছিল মার্কিন গণতন্ত্রের ভিত্তি দুর্বল করতে রাশিয়া এই হ্যাকিং পরিচালনা করেছে।
 
মার্কিন নির্বাচনের আগে হিলারির প্রচারণা দলের প্রধান জন পডেস্টার ই-মেইল অ্যাকাউন্ট ও ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি হ্যাকিংয়ের শিকার হয়। সেখানে হিলারির প্রচারণা সংশ্লিষ্ট সব ই মেইল হ্যাকাররা উইকিলিকসকে প্রদান করে যা তারা ফাঁস করে দেয়। সম্প্রতি সিআইএ সহ বিভিন্ন মার্কিন গোয়েন্দা সংস্থা জানিয়েছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে রাশিয়ান হ্যাকাররা মার্কিন জনমতে প্রভাব বিস্তারকারী এই ই-মেইলগুলো হ্যাক করে উইকিলিকসকে প্রদান করে। শুধু তাই নয়, দাবি করা হচ্ছে খোঁদ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এই হ্যাকিংয়ের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।
 
গত বৃহস্পতিবার  ম্যানহাটনে দেয়া এক বক্তব্যে হিলারি বলেন ব্যক্তিগত বিদ্বেষ থেকে এই হ্যাকিং পরিচালনা করেছেন পুতিন। ২০১১ সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকার সময়ে রাশিয়ার নির্বাচনকে ‘পাতানো’ বলে মন্তব্য করেছিলেন হিলারি ক্লিনটন। সেই মন্তব্যের জন্য পুতিন কখনো তাকে ক্ষমা করেননি। তিনি বলেন, পুতিন জনসম্মুখে আমার সেই মন্তব্যের জন্য আমার বিরুদ্ধে বিদ্বেষপ্রসূত বক্তব্য দিয়েছিলেন। এবং তখন যে কথাগুলো বলেছিলেন সেটা তিনি এই নির্বাচনে করেছেন।
 
গণমাধ্যম এতদিনে প্রকৃত সত্যটা বুঝতে পারছে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যম অবশেষে সত্যটা বুঝতে পারছে যেটা আমি প্রচারণার কয়েক মাস থেকে বলে আসছিলাম। এই হ্যাকিংকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর আক্রমণ উল্লেখ করে তিনি বলেন, এটা শুধু আমার প্রচারণার উপর হামলা ছিল না এটা আমাদের রাষ্ট্রের উপর হামলা। টুইন টাওয়ারে আল কায়েদার হামলার সময় যেমন দুই দলের সিনেটরদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তেমন কাঠামো অনুযায়ী এর তদন্ত করতে হবে। নিউইয়র্ক টাইমস।
 
ইত্তেফাক/এসএসএ