নগ্ন নারী পুতুল উপহার নেয়ায় মন্ত্রীর সমালোচনায় প্রেসিডেন্ট

চিলিতে অর্থমন্ত্রীকে প্রকাশ্যে উপহার হিসেবে নগ্ন নারী পুতুল দেয়ায় প্রচণ্ড বিতর্কের সৃষ্টি হয়েছে। খোদ দেশটির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট সমালোচনা করেছেন অর্থমন্ত্রীর।
 
চিলির রপ্তানিকারকদের অ্যাসোসিয়েশন অ্যাসেক্সমা ঐতিহ্যগতভাবে তাদের বাৎসরিক ডিনারে যোগ দেয়া ভিআইপিদের কৌতুকপূর্ণ উপহার দিয়ে থাকে। এইবার অর্থমন্ত্রী লুইস চেসপেদসকে একটি নগ্ন নারী পুতুল দেয়া হয়, এর উপরে একটি লেখায় বলা হয় এটি ‘অর্থনীতির উদ্দীপক’ হিসেবে কাজ করবে। স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ছবিতে দেখা যায় অন্যান্য মন্ত্রীদের সঙ্গে চেসপেদস ওই নগ্ন নারী পুতুল ধরে আছেন। একজনের হাতে দেখা যায় একটি ব্লন্ড চুলের উইগ যেটি কৌতুক আকারে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিত্ব করছে।
 
আর চেসপেদসের এই ছবি প্রচারিত হওয়ার পরে টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন চিলির প্রথম নারী প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলেট। তিনি বলেন, আমার আগের দুই মেয়াদে সরকার পরিচালনার অন্যতম মূলভিত্তি ছিল নারীদের সম্মান অর্জনের লড়াই। অ্যাসেক্সমার ডিনার পার্টিতে যা হয়েছে তা মেনে নেয়া যায় না।
 
তার এই বক্তব্যে টুইটারে ২ সহস্রাধিকবার রিটুইট করা হয়েছে। অনেক নারী তার বক্তব্যের সমর্থন করেছেন। নারী উদ্যোক্তা জ্যাকুলিন গালভেজ বলেন, আমি একজন উদ্যোক্তা ও ইউনিয়ন সদস্য। এই ধরণের পরিস্থিতি অগ্রহণযোগ্য। 
 
IMG0
 
মধ্য বামপন্থি ব্যাচেলেট ২০০৬-১০ মেয়াদে দেশ শাসনের পরে ২০১৪ সালে দ্বিতীয়বার ক্ষমতায় আরোহণ করেন। তিনি জাতিসংঘের নারী বিষয়ক সংস্থারও নেতৃত্ব দিয়েছেন। চিলিতে নারী পুরুষের মধ্যে চরমভাবে অসমতা বিরাজমান। দেশটিতে গর্ভপাত অবৈধ, এবং স্বল্প পোশাক পরিহিত নারীদের মাধ্যমে বিপণন নিয়মিত বিষয়। শ্রমবাজারেও নারীদের অংশগ্রহণ নগণ্য পরিমাণে। 
 
দেশটির সমাজবিজ্ঞানী ক্রিস্টোবাল বেল্লোলো বলেন, অনেকে বলে আমাদের ব্যবসায়ী সম্প্রদায় মূর্খ ও জনবিচ্ছিন্ন। অ্যাসেক্সমার অনুষ্ঠানটি তাদের কথাই সত্যি প্রমাণিত করে। রয়টার্স।
 
ইত্তেফাক/এসএসএ