রাজধানীর ফকিরাপুলে ছিনতাইকারীর কবলে পড়ে সিলেটের এক ব্যবসায়ীর এক লাখ টাকা খোয়া গেছে। ওই ব্যবসায়ীর নাম আনার মিয়া (৪৭)।
শনিবার ভোর পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আনার মিয়ার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। তিনি সে এলাকার আশা মেশিনারিজ স্টোরের মালিক।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আনার মিয়া জানান, তিনি তার প্রতিষ্ঠানের মালামাল ক্রয়ের জন্য ভোরে ঢাকায় আসেন। ভোর সাড়ে ৫টার দিকে তিনি বাস থেকে রাজারবাগ পুলিশ লাইনের সামনে নামেন। এরপর তিনি রিকশাযোগে পুরান ঢাকার নবাবপুরে যাওয়ার জন্য রওনা দিলে ফকিরাপুলের সামনে পৌঁছলে একটি মোটারসাইকেলযোগে দুই ব্যক্তি তার হাতে ও পায়ে ছুরিকাঘাত করে। এ সময় তার কোমরে লুকিয়ে রাখা এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
ঢামেক হাসপাতাল সূত্র জানায়, আনার মিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশংকামুক্ত।
ইত্তেফাক/এমআই