নাগেশ্বরীতে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের পিটুনিতে গুরুতর আহত মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ২ জনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার রামখানা ইউনিয়নের আস্করনগর মাঠের পাড় গ্রামের মুক্তিযোদ্ধা কলিমুদ্দিন মাস্টার (৭৯) এর সাথে চাচাত ভাই ছবিল উদ্দিনের ছেলে ছামসুল হকের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ১৪ ডিসেম্বর দুপুর ২ টায় ওই জমির বাঁশ ঝাড়ে আরেক চাচাত ভাই স্বাধীন আলীর ছেলে হাবিবুর রহমান বাঁশের কঞ্চি কাটতে গেলে ছামছুল হকের সাথে বাক-বিতণ্ডা হয়। এ সময় মুক্তিযোদ্ধা কলিম উদ্দিন মাস্টার সেখানে গিয়ে ভাতিজা হাবিবুরের পক্ষে কথা বললে ছবিল উদ্দিনের ছেলে ছামসুল হক, জমশের আলী, জহির উদ্দিন, জাহিদুল ইসলাম, জমশের আলীর ছেলে শাহিনুরসহ বেশ কয়েকজন ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা কলিমুদ্দিনকে এলোপাথাড়ি মারপিট করে গুরুত্বর জখম করে।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি ঘটায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নিহত মুক্তিযোদ্ধা কলিমুদ্দিনের ছেলে মিঠু মিয়া বাদী হয়ে ৮ জনকে আসামি করে নাগেশ্বরী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। নাগেশ্বরী থানার এসআই মনিরুজ্জামান বলেন, এ মামলায় জহির উদ্দিনের স্ত্রী মর্জিনা বেগম ও ছামসুল হকের স্ত্রী বিউটি বেগমকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ময়নাতদন্ত শেষে শনিবার বিকেলে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
ইত্তেফাক/আরএ