নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে জয় পেতে আদাজল খেয়ে মাঠে নেমেছে বিএনপি। দলটির হেভিওয়েট নেতারা প্রতিদিনই চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। অন্তত এক ডজন নেতা কয়েকদিন ধরে নারায়ণগঞ্জেই থাকছেন। এর বাইরে দলের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় নেতারাও ঝাঁকে-ঝাঁকে ছুটছেন নারায়ণগঞ্জে। ২৭টি ওয়ার্ডের প্রতিটিতেই প্রতিদিন দলের কেন্দ্রীয় কোনো না কোনো নেতা যাচ্ছেন। বিএনপির তুলনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মাঠে দেখা মিলছে কম। এর কারণ হিসেবে ক্ষমতাসীন দলটির নেতারা বলছেন, আওয়ামী লীগের উল্লেখযোগ্য কেন্দ্রীয় নেতারা মন্ত্রী-এমপি হওয়ায় নির্বাচনী আচরণবিধি অনুযায়ী দলীয় প্রার্থীর প্রচারণায় মাঠে নামতে পারছেন না; কিন্তু সংসদে না থাকার সর্বোচ্চ সুবিধা নিচ্ছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ড. খন্দকার মোশাররফ হোসেন গতকাল শনিবার দলের মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানের পক্ষে প্রচারণা চালিয়েছেন। নারায়ণগঞ্জ সদর বাসস্ট্যান্ডে বিকালে এক পথসভায় বক্তব্য রাখেন মওদুদ। সকাল থেকে দিনভর বন্দর এলাকায় ধানের শীষে ভোট চেয়েছেন ড. মোশাররফ। শহরে বিএনপির কার্যালয়ে দুপুরে গিয়ে দেখা যায়, সেখানে বসে দলীয় প্রার্থীর পুরো প্রচারণা কাজ সমন্বয় করছেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়াও নারায়ণগঞ্জে গতকাল ধানের শীষের জন্য প্রচারণা চালাতে দেখা গেছে বিএনপির কেন্দ্রীয় নেতা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমান উল্যাহ আমান, আবদুল আউয়াল মিন্টু, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন ও আবদুস সালামসহ বহু নেতাকে।
বিপরীতে দলীয় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত্ আইভীর পক্ষে প্রচারণা সমন্বয় করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। গত ১০-১২ দিন ধরে তিনি নারায়ণগঞ্জে অবস্থান করছেন। সংসদ সদস্য নন দলের এমন কেন্দ্রীয় নেতারাও পালা করে আইভীর জন্য ভোট চাচ্ছেন। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল ও এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা লীগসহ দলের অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতারাও রুটিন করে নারায়ণগঞ্জে যাচ্ছেন।
তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার বাইরে ফতুল্লায় আজ রবিবার বিকালে এক শ্রমিক সমাবেশ করতে যাচ্ছে শ্রমিক লীগ। মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ থাকবেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ছাড়াও আওয়ামী লীগ ও শ্রমিক দলের কেন্দ্রীয় অনেক নেতা এই সমাবেশে অতিথি হিসেবে যোগ দিচ্ছেন। নির্বাচনের আচরণবিধি মেনে সিটি করপোরেশনের বাইরে এই সমাবেশের আয়োজন করা হলেও এর ঢেউ নির্বাচনে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
শামীম-সেলিমের সঙ্গে দেখা নেই আইভীর
আওয়ামী লীগের কেন্দ্র, এমনকি খোদ দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের স্থানীয় নেতারা উপরে-উপরে একাট্টা। কিন্তু ভেতরের খবর বলছে ওই একাট্টায় ‘চোরা ফাটল’ রয়ে গেছে। শামীম ওসমান সংবাদ সম্মেলন করে আইভীর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তার বড় ভাই ও জাতীয় পার্টির (জাপা) এমপি সেলিম ওসমানও নীরব রয়েছেন। তবে নির্বাচনের আর মাত্র তিন-চারদিন বাকি থাকলেও এখন পর্যন্ত শামীম-সেলিমের সঙ্গে দেখা মেলেনি দলের মেয়র প্রার্থী আইভীর।
জানা গেছে, শুক্রবার রাতে সেলিম ওসমানের সঙ্গে বসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। এসময় সেলিম ওসমান তাকে বলেছেন, ‘আইভী তো আমার কাছে ভোট চায়নি, দোয়া চেয়েছে। আমি দোয়া করছি, প্রয়োজনে তার জন্য দোয়া চাইতে মিলাদ দিতে পারি।’ অন্যদিকে শামীম ওসমান ইত্তেফাককে বলেন, ‘আইভী কোথায় কি বলছে তা নিয়ে আমি ভাবছি না, আমার নেত্রী (শেখ হাসিনা) আমাকে নির্দেশ দিয়েছেন, আমি নেত্রীর নির্দেশে নৌকার জন্য কাজ করছি।’
আইভীর উচিত ‘বোবা’ থাকা: জাফরউল্যাহ
দলীয় প্রার্থী আইভীর পক্ষে পুরো প্রচারণা সমন্বয় করছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ। ইত্তেফাকের সঙ্গে আলাপকালে জাফর উল্যাহ বলেন, ‘বিভিন্ন টেলিভিশনের টকশো ও সভা- সেমিনারে প্রতিদ্বন্দ্বী সাখাওয়াতকে ঘায়েল করতে গিয়ে আইভী কার্যত শামীম ওসমানসহ ওসমান পরিবারের বিষয়ে যেসব কথাবার্তা বলছেন তা দুঃখজনক। আমি আইভীকে বুঝিয়েছি, তারপরেও উনি বলে যাচ্ছেন। এটা ওর জন্য যেমন ক্ষতিকর, দলের জন্যও খারাপ। আমি তাকে বলেছি, প্রার্থীর উচিত বোবা থাকা।
ভালোর ভেতরেও শঙ্কা গয়েশ্বরের
গতকাল বিকালে নারায়ণগঞ্জ শহরে বিএনপি কার্যালয়ে ইত্তেফাকের সঙ্গে আলাপকালে নাসিক নির্বাচনে বিএনপির প্রধান সমন্বয়কারী ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত ভালো। কিন্তু এরকম পরিবেশ তো এ সরকারের চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে যায় না। এই কারণে খটকাও লাগছে, এটা আবার নতুন কোনো কৌশল কিনা। এখন হয়ত আমরা সবাই মাঠে আছি, পরিবেশও ভালো, কোনো অঘটন নেই। কিন্তু ২০ ডিসেম্বর যখন আমরা সবাই নারায়ণগঞ্জ থেকে চলে যাব, সেই রাতে কিংবা ভোটের আগের রাতে সরকার কোন খেলা খেলে সেটা শঙ্কার বিষয়।
এসব সাখাওয়াতের স্ট্যান্টবাজি: আইভী
আইভী গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দরের ২২ নম্বর ওয়ার্ডে প্রচার চালান। এসময় গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন যেসব অভিযোগ করছেন তা স্রেফ স্ট্যান্টবাজি, উনি যা বলছেন সেগুলো সত্য নয়। এর আগে সাখাওয়াত অভিযোগ করেন, তার নেতা-কর্মীদের বাসায় গিয়ে আওয়ামী লীগের লোকজন হুমকি দিচ্ছেন, ভয়ে তারা বাসায় বসে আছেন।
ধানের শীষে ভোট দিতে মানুষ পাগল হয়ে আছে: সাখাওয়াত
গতকাল দুপুরে মহানগরের ৪ নম্বর ওয়ার্ডের শিমরাইল এলাকায় গণসংযোগকালে বিএনপির সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘নারায়ণগঞ্জে দিন যাচ্ছে আর ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। নারায়ণগঞ্জের মানুষ ধানের শীষে ভোট দিতে পাগল হয়ে আছে’।
সাখাওয়াতকে এলডিপির কামাল প্রধানের সমর্থন
ভোটের চারদিন আগে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন ২০ দল শরিক এলডিপির বহিষ্কৃত নেতা কামাল প্রধান। গতকাল দুপুরে শহরের শায়েস্তা খান রোডের বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর বাড়িতে গঠিত মিডিয়া সেলে সংবাদ সম্মেলনে কামাল প্রধান এ ঘোষণা দেন। এসময় ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
ইত্তেফাক/এএন