কাশ্মিরে সন্ত্রাসী হামলা, নিহত ৩ ভারতীয় সেনা

জম্মু-কাশ্মিরে আবারও সন্ত্রাসী হামলা হয়েছে। এতে নিহত হয়েছে তিন ভারতীয় সেনা। ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি বহরের ওপর আকস্মিক ওই হামলা চালায় মোটর-সাইকেল আরোহী একদল সন্ত্রাসী।
 
জম্মু-কাশ্মিরের গ্রীষ্মকালীন রাজধানী বলে পরিচিত শ্রীনগরের পাম্পরে এ হামলা হয়েছে। এখানে ভারতীয় সেনারা ১৯৮৯ সাল থেকে সশস্ত্র বিদ্রোহ মোকাবেলা করে আসছে।
 
গত বেশ কয়েক বছর কাশ্মিরে গেরিলা হামলা কম থাকার পর চলতি বছর তা আবার বেড়েছে। এজন্য ভারত বার বার পাকিস্তানকে দোষারোপ করে আসছে।
 
ভারত বলছে, পাকিস্তান গেরিলা ও অন্য রসদ পাঠিয়ে সশস্ত্র লড়াই জিইয়ে রেখেছে। অন্যদিকে, পাকিস্তানে সে অভিযোগ নাকচ করে চলেছে। ইসলামাবাদ বলছে, নয়া দিল্লিকে অবশ্যই কাশ্মির ইস্যুতে আলোচনায় বসার বিষয়ে রাজি হতে হবে।
 
ভারতীয় সামরিক বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, শনিবারের হামলার পর ভারতীয় সেনারা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে।
 
গত মাসে কাশ্মিরের একটি অফিসার মেসে গেরিলা হামলায় অন্তত সাত সেনা নিহত হয়।
 
ইত্তেফাক/এএম