নারায়ণগঞ্জ সিটি করপোরশন (নাসিক) নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টির দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ রবিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
রুহুল কবির রিজভী বলেন, নাসিক নির্বাচনে নিরপেক্ষ প্রশাসনের পরিবর্তে দলবাজ কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। ছাত্রলীগ, যুবলীগের ক্যাডারদের প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে নাসিক নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কিনা- এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। তাই আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আবারও সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি।
তিনি বলেন, মানুষ যদি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ পায় তাহলে দুঃশাসনের বিরুদ্ধে এক বিশাল নীরব বিপ্লব ঘটে যাবে। ভোটারবিহীন অবৈধ সরকারের ভয়াবহ দুঃশাসন, লুটপাট , গুম-খুন, অপহরণ, মামলা-হামলা, নির্যাতন ও অপকর্মের বিরুদ্ধে জনগণ রায় দেবে।
বিএনপির এই নেতা বলেন, গণতন্ত্র আওয়ামী লীগের ঐহিত্য নয়। জনগণের ওপর আওয়ামী লীগের কোনো আস্থা নেই। তাদের আস্থা আছে র্যাব-পুলিশের ওপর। তাই আজেবাজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কবির মুরাদ, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, বেলাল আহমেদ প্রমুখ।
ইত্তেফাক/এমআই