মালয়শিয়ায় সুপার মখ কাপ ফুটবল টুর্নামেন্টের প্লেট পর্বের চ্যাম্পিয়ন শিরোপা জিতলো বাংলাদেশের কিশোররা। রবিবার প্লেট পর্বের ফাইনালে জাপানের শোনন বেলমারেকে ১-০ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।
আক্রমণাত্মক ৪-৩-৩ ফর্মেটে ফাইনাল শুরু করে লাল সবুজের কিশোররা। মাঠে সেটি বেশ কার্যকর হলেও বারবার গোলের সুযোগ গুলো কাজে লাগাতে ব্যর্থ হয় বাংলাদেশ। ম্যাচের ৩২তম মিনিটে একমাত্র ও জয় সুচক গোলটি করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক ফাহিম মোর্শেদ।
এদিকে প্রতিটি ম্যাচের মত দুর্দান্ত পারফর্মেন্স অব্যাহত রেখেছিলেন বাংলাদেশ দলের গোলরক্ষক ইমন হাওলাদার। ২১তম মিনিটে প্রতিপক্ষের নিশ্চিত গোলের একটি সুযোগ নস্যাৎ করে দেন তিনি।
৩২তম মিনিটে এসে গোল আদায়ের মাধ্যমে লাল সবুজ শিবিরে আনন্দের বন্যা বইয়ে দেন ফাহিম। এটি ছিল টুর্ণামেন্টে তার তৃতীয় গোল। ম্যাচে ৫টি কর্নার এবং ৩টি ফ্রি কীকে পেয়েও দলকে সমতায় ফেরাতে পারেনি জাপানি দলটি।
এই জয়ে সন্তোস প্রকাশ করেছেন বাংলাদেশ দলের প্রধান কোচ পারভেজ। তিনি বলেন,‘ আমরা প্লেট চ্যাম্পিয়ন হয়ে খুশি। আমার মতে এটি দারুণ একটি অর্জন।’
শনিবার সেমিফাইনালে ইংল্যান্ডের ম্যানচেস্টার সিটি অনুর্ধ-১৪ দলকে ২-০ গোলে হারিয়ে প্লেট পর্বের ফাইনালে উঠেছিল বাংলাদেশ।
ইত্তেফাক/এমএইচ