অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্প শেষে নিউজিল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ২৩ সদস্য। অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সকাল ১০টায় রওনা হয়ে প্রায় সাড়ে তিন ঘন্টার বিমানযাত্রা শেষে নিউজিল্যান্ড পৌঁছায় টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ওয়ানডে সিরিজ শুরুর আগে ১টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ২২ ডিসেম্বর নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ টাইগারদের।
এরপর তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ও টি-২০ সিরিজ শেষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগে অস্ট্রেলিয়ায় নয় দিনের কন্ডিশনিং ক্যাম্প করে বাংলাদেশের ২৩ সদস্যের দলটি।
উভয় দেশের কন্ডিশনই প্রায় এক হওয়ায় অস্ট্রেলিয়ায় ক্যাম্প করে বাংলাদেশ। অবশ্য নিউজিল্যান্ডে ক্যাম্প করার সুযোগ না থাকাতেই অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের ঝালিয়ে নেয় টাইগাররা।
ক্যাম্প চলাকালীন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের দু’টি শক্তিশালী দল সিডনি থান্ডার ও সিডনি সিক্সার্সের সাথে দু’টি টি-২০ ম্যাচ খেলে বাংলাদেশ। সিডনি সিক্সার্সের বিপক্ষে ৭ উইকেটে জিতলেও, থান্ডারের কাছে ম্যাচ হারে ইমরুল-সৌম্যরা।
তাই অস্ট্রেলিয়ার মাটিতে নয়দিনের কন্ডিশনিং ক্যাম্পকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে কাজে লাগানোই বড় লক্ষ্য বাংলাদেশের। তবে সিরিজটি বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জের হবে বলে দেশ ছাড়ার আগে তেমনই জানিয়েছিলেন বাংলাদেশের ওয়ানডে ও টি-২০ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
ইত্তেফাক/এমএইচ