বিস্ময় বালিকা তাসমিনাকে দেখতে হাজারো মানুষের ভিড়

নওগাঁ পাকহানাদার মুক্ত দিবস উপলক্ষে রবিবার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। 
 
এতে অংশ নেয় জেলার ধামইরহাটের কিশোরী তাসমিনা আক্তারসহ ২৩ জন ঘোড়াসওয়ারি। তাসমিনার ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজার মানুষের ঢল নামে।
 
স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদের আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতা ছাড়াও নওগাঁ মুক্ত দিবস উপলক্ষে সকাল ১০টায় আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক। 
 
‘এ’ গ্রুপে তাসমিনা তার ‘বিজলী’ ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় হয় তাসমিনার বাবার ঘোড়া। এতে ঘোড়সওয়ার ছিল ফারুক হোসেন নামের এক কিশোর। তৃতীয় হয় আব্দুল মজিদের ঘোড়া।
 
আর ‘বি’ গ্রুপ থেকে প্রথম স্থান অধিকার করে আইনুল হকের ঘোড়া, দ্বিতীয় হয় তোফাজ্জল হোসেনের ঘোড়া এবং তৃতীয় স্থান অধিকার করে ছয়ের উদ্দিন বাবুর ঘোড়া।
 
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশে পরিষদের সভাপতি অ্যাড. ডিএম আবদুল বারী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আক্তার, নওগাঁ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রেজাউর বারী, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান, একুশে পরিষদের উপদেষ্টা ডা. ময়নুল হক দুলদুল ও সাধারণ সম্পাদক মেহমুদ মোস্তফা রাসেল।
 
১১ বছর বয়সী অশ্বারোহী বিস্ময় বালিকা তাসমিনা আক্তারের আসার খবর শুনে তাকে দেখতে সকাল থেকেই সব শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ শহরের এ-টিম মাঠে ভিড় জমান। দর্শকদের অনেকেই তাসমিনা আক্তারের সঙ্গে সেলফি তোলেন।  তাসমিনা ধামইরহাট উপজেলার শঙ্করপুর উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে।
 
ইত্তেফাক/ইউবি