সাভার উপজেলার আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে টানা ছয়দিন ২০টি তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ চলছে।
ছয়দিন ধরে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন করার ফলে পোশাক কারখানাগুলোতে উত্পাদন বন্ধ রয়েছে। কারখানাগুলো সময়মত বায়ারদের অর্ডার সরবরাহ করতে পারবে কি-না সে নিয়ে বিপাকে পড়েছে মালিকরা। শ্রমিক অসন্তোষের কারণে জরুরিভাবে জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসন মতবিনিময় করেছেন।
শিল্প পুলিশ জানায়, গত কয়েকদিন ধরে আশুলিয়ায় ২০টি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা কারখানায় প্রবেশ করে উত্পাদন বন্ধ রেখে সর্বনিম্ন মজুরি ১৫ হাজার টাকা করার দাবিতে বিক্ষোভ মিছিল ও কর্মবিরতি করে আসছেন। মালিকপক্ষ শ্রমিকদের দাবি নাকচ করে দিয়ে কাজে যোগ দেওয়ার আহবান জানালেও শ্রমিকরা এখনো কাজে যোগ দেয়নি। এদিকে আশুলিয়ার জামগড়া এলাকার ডিকে নিটওয়্যার, ছয়তলা এলাকার শেড ফ্যাশন, উইন্ডি গ্রুপসহ বিশটি পোশাক কারখানায় কাজ বন্ধ রেখেছে শ্রমিকরা। শ্রমিকরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কাজে যোগ দিবেন না।
যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি পুলিশের সাজোঁয়া যান অবস্থান করতে দেখা গেছে।