ইতিহাসের খুব কাছে গিয়েও পারলো না পাকিস্তান। ব্যাটিংয়ে দুর্দান্ত লড়াইয়ের পর ৩৯ রানের আক্ষেপে ব্রিসবেনে দিবারাত্রির টেস্ট শেষ করলো তারা। ৪৯০ রানের লক্ষ্যে আসাদ শফিকের অসাধারণ নৈপুণ্যে ৪৫০-এ থামে পাকিস্তানের ইনিংস। পাকিস্তান ইতিহাসকে চোখ রাঙালেও শেষ পর্যন্ত স্বস্তির জয়ই পায় অস্ট্রেলিয়া।
মিচেল স্টার্কের করা ১৪৫তম ওভারের বাউন্সি বলে ব্যাটের নিয়ন্ত্রণ হারান আসাদ শফিক। ক্যাচটি তালুবন্দি করেন ডেভিড ওয়ার্নার। সফরকারীদের আশার প্রদীপকে ফিরিয়ে উল্লাসে মাতে অজিরা। তখনো শেষ ভরসা হয়ে ছিলেন ইয়াসির শাহ (৩৩)। কিন্তু ওই ওভারের শেষ বলে তার রানআউটের মধ্য দিয়ে রেকর্ডময় ম্যাচটির সমাপ্তি ঘটে।
এর আগে আট উইকেটে ৩৮২ রান নিয়ে সোমবার পঞ্চম ও শেষ দিনের ব্যাটিংয়ে নামেন সেঞ্চুরিয়ান শফিক ও ইয়াসির। দু’জন মিলে আরো ২২ ওভার ব্যাটিং করে পাকিস্তানকে জয়ের স্বপ্নই দেখাচ্ছিলেন। কিন্তু শেষ হাঁফ ছেড়ে বাঁচলেন স্টিভেন স্মিথরা।
একাই চারটি উইকেট দখল করেন স্টার্ক। জ্যাকসন বার্ড তিনটি ও বাকি দু’টি নেন নাথান লিওন।
৪০০ রানের অধিক টার্গেটে খেলতে নেমে সবচেয়ে কম ব্যবধানে হারের হিসেবে দ্বিতীয় স্থানে পাকিস্তান। ১৯৭৩ সালে ৪৪০ রান করেও ৩৮ রানে হেরে গিয়েছিল নিউজিল্যান্ড। এছাড়া চতুর্থ ইনিংসে এটি চতুর্থ সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এ তালিকায় শীর্ষ পাঁচটি দলের কেউই জয়ের দেখা পায়নি।
ইত্তেফাক/এমএইচ