বগুড়ার কাহালু উপজেলার ওলাহালী গ্রামের স্বপ্না রানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে বাড়ির আসবাবপত্র ও ধান চালসহ প্রায় এক লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ ঘটনায় পুলিশ এক নারীসহ তিনজনকে আটক করেছে।
ওলাহালী গ্রামের মৃত অর্জুন সরকারের মেয়ে স্বপ্না রানী জানান, তিনি দীর্ঘদিন ধরে গ্রামের ওই বাড়িতে একাই বসবাস করছেন। রবিবার শেষ রাতে টিনের ছাউনি দেয়া বাড়ির উত্তর পাশের একটি ও দক্ষিণ পাশের একটি ঘরে একযোগে আগুন ধরিয়ে দেয়া হয়। রাত সাড়ে তিনটার দিকে স্বপ্না রানী বাড়িতে আগুন দেখতে পেয়ে চিৎকার দিলে গ্রামের লোকজন এসে আগুন নিভিয়ে ফেলে।
তিনি বলেন, ‘গ্রামের আব্দুল মান্নান নামের এক ডাক্তারের সঙ্গে তার জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। ইতিপূর্বে ডা. মান্নান তাকে নানা ধরনের হুমকি দিয়েছেন। আমার ধারণা, এ ঘটনায় মান্নানের ইন্দন রয়েছে।
কাহালু থানার এসআই মতিয়ার রহমান জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সোমবার সকালে ওলাহালী গ্রামের ডা. মান্নানের স্ত্রী তারা বানু (৩০), একই গ্রামের শিহাব ও ইকবালকে (৫৫) আটক করেছে।
জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর-এ-আলম সিদ্দিকী সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/এএসএমইউ