ইত্তেফাকের সহযোগিতায় হুইল চেয়ার পেলেন রহিমা খাতুন

 
দৈনিক ইত্তেফাকের সহযোগিতায় হুইল চেয়ার পেলেন নীলফামারী কিশোরগঞ্জের সদর ইউনিয়ন ছিটরাজিব গ্রামের ছাইয়াদার রহমানের স্ত্রী রহিমা খাতুন (৫৫)। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা সংবাদদাতা মো. শামীম হোসেন বাবুর সহযোগিতায় হুইল চেয়ার লাভ করেন এই প্রতিবন্ধী নারী।
 
শারীরিক প্রতিবন্ধী রহিমা খাতুন একটি হুইল চেয়ারের জন্য দীর্ঘদিন ধরে এলাকার জনপ্রতিনিধিদের কাছে সহায়তা চেয়ে আসছিলেন। চেয়ার না পেয়ে হামাগুড়ি দিয়ে কিংবা অন্যদের সহায়তায় এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়া আসা করতো সে। সংবাদ সংগ্রহ করতে গিয়ে দৃশ্যটি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা শামীম হোসেন বাবুর নজরে আসে।  ওই সংবাদদাতা গত সোমবার রহিমা বেগমকে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসানের কাছে নিয়ে গেলে তিনি শারীরিক প্রতিবন্ধী রহিমার অবস্থা দেখে তাৎক্ষনিক ভাবে তাকে একটি হুইল চেয়ার প্রদান করেন এবং খুব দ্রুত তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দেন।
 
চেয়ার প্রদানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান, বিশিষ্ট ঠিকাদার হাবিবুর রহমান ও আজিজার রহমান লেবু প্রমুখ।
 
হুইল চেয়ার পেয়ে শারীরিক প্রতিবন্ধী রহিমা খাতুন খুশিতে কেঁদে ফেলেন। তিনি বলেন, আমি একটি চেয়ারের জন্য অনেক কষ্ট করেছি এখন আর হামাগুড়ি দিয়ে চলাফেরা করতে হবেনা।
 
ইত্তেফাক/আরএ