সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসের ধাক্কায় হাইওয়েতে টহলরত পুলিশের পিকআপ বিধ্বস্ত হয়ে অফিসারসহ ৪ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ষোলমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- রায়গঞ্জ থানার এসআই আশফাকুর রহমান (৪৫), পিকআপ চালক কনস্টেবল রফিকুল (৩৫) , কনস্টেবল আব্দুল গফুর (৫৫) ও গোলাম শফি (৫৩)।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল আলম জানান, কুড়িগ্রাম থেকে ঢাকাগামী পদ্মশ্রী পরিবহনের যাত্রীবাহী বাসটি (ঢাক মেট্রো-ব-১১-২৮৫৬) ঢাকা-বগুড়া মহাসড়কে ষোলমাইল এলাকায় টহলরত পুলিশ পিকআপকে (ঢাকা মেট্রো- থ-১১-০০৩০) সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটি দুমড়ে-মুচড়ে গিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় একজন এসআইসহ ৪জন আহত হয়। এদের মধ্যে কনস্টেবল গফুর ও শফিকুলের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/আরএ