নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় লালন অনুসারীদের মাহফিলের বিরুদ্ধে হেফাজতে ঈমান নামে একটি সংগঠন কর্তৃক লিফলেট ছাড়ানোকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনে আজ সোমবার উপজেলা পরিষদ হল রমে বৈঠক অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুতাসিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কথিত হেফাজতে ঈমানের কেউ না থাকলেও ওলেমা পরিষদ এবং ওলেমা লীগের লোকজন ও লালন ভক্তরা উপস্থিত ছিলেন।
লালন ভক্তদের অনুষ্ঠান বন্ধ করার বিষয়ে কারণ নিয়ে প্রথমে আলোচনার পর উভয় পক্ষ থেকে বিশৃংখলার সৃষ্টি হয় এমন কোন কাজ করা হবে না বলে আশ্বাস প্রদান করা হয়। এদিকে দুটি লিফলেট দেখানো হলে তারা জানান, তারা কেউ এ লিফলেট ছাড়েননি। বিশৃংখলা সৃষ্টির জন্য তৃতীয় কোন পক্ষ থেকে এ লিফলেট ছেড়েছে বলে তারা জানান।
এদিকে বৈঠকে লালন অনুসারী বা ভক্তদের মাহফিল করতেও কোন বাধা নাই বলে জানানো হয়। তবে তা উপজেলা প্রশাসনকে জানিয়ে করতে হবে বলে তাদের বলা হয়।
হেফাজতে ঈমানের পক্ষ হতে কেউ উপস্থিত না থাকলেও কেন্দুয়া উপজেলা মসজিদের ইমাম ওলেমা পরিষদের নেতা মৌলানা মনোয়েম খন্দকার বৈঠকে বলেন, ‘লালন অনুসারীদের মাহফিল করার কোন বাধা দেয়া হয় নাই। কে বা কারা করেছে তা তাদের জানা নাই।’ লালন অনুসারীদের পক্ষ থেকে সমাজে বিশৃংখলা সৃষ্টি হয় এমন কোন গান বা কথা মাহফিলে হবে না বলেও জানানো হয়।
বৈঠকে অন্যান্যের মধ্যে ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মহুয়া মমতাজ, পুলিশের এসআই তারেক, লালন অনুসারীদের পক্ষে তরিকত আহলে বাইতের কেন্দ্রীয় নেতা হাছিবুর রহমান এবং কেন্দুয়া উপজেলা শাখার সম্পাদক আব্দুল হালিম, ওলেমা লীগের কেন্দুয়া শাখার সম্পাদক আবু ওমর আব্দুর নূর ফারুক।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর লালন ভক্তরা কেন্দুয়ায় মাহফিলের অয়োজন করলে হেফাজত ঈমান নামের একটি সংগঠনের নামে মাহফিলের বিরুদ্ধে লিফলেট বিতরণ করা হলে তা বন্ধ করে দেয়া হয়। এ ব্যাপারে ইত্তেফাকসহ বিভিন্ন মিডিয়ায় এ সংক্রান্ত খবর প্রকাশিত হলে এ বৈঠকের অয়োজন করা হয়।