নবায়ণযোগ্য শক্তির উন্নয়নে কাজ করবে ঢাবি-গ্রিনটেক

নবায়ণযোগ্য শক্তির উন্নয়নে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং গ্রিনটেক ফাউন্ডেশন একযোগে কাজ করবে। 
 
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গ্রিনটেক ফাউন্ডেশনের মধ্যে এ সক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হয়েছে। 
 
উপাচার্য দফতরে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের নির্বাহী পরিচালক লুৎফর রহমান নিজ-নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 
 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. এ কে এম সাইফুল মজিদ, শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইফুল হক, গ্রিনটেক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আব্দুল্লাহ মজিদ, ভাইস-চেয়ারম্যান প্রদীপ কুমার দত্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এ সময় উপস্থিত ছিলেন। 
 
এই সমঝোতা স্মারকের আওতায় নবায়ণযোগ্য শক্তি, সবুজ-প্রযুক্তি, কালো ধোঁয়া নির্গমন হ্রাসসহ পরিবেশ বিষয়ক নানা ইস্যুতে এ দুই প্রতিষ্ঠান যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও নবায়ণযোগ্য শক্তি, সবুজ-শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন ও গোলটেবিল বৈঠক যৌথভাবে আয়োজন করা হবে।বাসস
 
ইত্তেফাক/ইউবি