ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার কদমপুর থেকে এক কিশোরের মরদেহের কাটা মাথা ও পা উদ্ধারের পর একই থানার চর গুলগলিয়া এলাকা থেকে সোমবার বিকালে আরো কিছু খণ্ডিত অংশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে বুক থেকে পেট, দুই পায়ের বাকী অংশ ও একটি পায়ের পাতা।
এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কদমপুর এলাকা থেকে অজ্ঞাত ওই কিশোরের কাটা মাথা ও পায়ের হাটু থেকে গোড়ালি পর্যন্ত উদ্ধার করে পুলিশ। এ নিয়ে ওই কিশোরের মরদেহের পাঁচ টুকরা উদ্ধার করা হলো।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কাউসার আলম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় মামলা হয়েছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে এসআই শরীফুল সোহাগকে।
মামলার বাদী এসআই আবুল কাওসার জানান, উদ্ধারকৃত টুকরোগুলো একই ব্যক্তির কিনা তা জানতে প্রত্যেক টুকরো থেকে ডিএনএ নমুনা সংরক্ষণ করে পুলিশকে সরবরাহের জন্য ময়নাতদন্তকারী চিকিৎসকের কাছে আবেদন জানানো হয়েছে পুলিশ। পরে সেই নমুনা সিআইডি’র ল্যাবে সংরক্ষন করে রাখা হবে। প্রয়োজনে প্রোফাইল তৈরি করে সেগুলো ম্যাচ করা হবে। লাশের পরিচয় সনাক্ত না করতে পারলে তখন ডিএনএ প্রোফাইল কাজে দিবে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘মরদেহের দুই হাতসহ বেশ কিছু অঙ্গ এখনো পাওয়া যায়নি। লাশ গুম করার উদ্দেশ্যে টুকরো টুকরো করা হয়েছে বলে মনে হচ্ছে। এরপর বস্তায় ভরে টুকরোগুলো বিভিন্ন স্থানে ফেলে যায় ঘাতকরা।
ইত্তেফাক/এএসএমইউ