অভিনেতা সাইমন সাদিক অভিনীত ‘মায়াবিনী’ ছবির টিজার ইউটিউবে প্রকাশিত হয়েছে রবিবার ১৮ ডিসেম্বর। ছবিটি পরিচালনা করছেন আকাশ আচার্য্য। ভৌতিক ও রহস্যে ভরা হররধর্মী গল্পে নির্মিত সিনেমাটির টিজার দেখে সাইমনকে সহজে চেনাই যাচ্ছে না।
আনলিমিটেড অডিও ভিডিও’র ব্যানারে ইউটিউবে প্রকাশিত ১ মিনিট ৪৩ সেকেন্ডের টিজারে কয়েক ধরণের রুপে দেখা গেল ব্যস্ত এই অভিনেতাকে। কখনো তিনি হিজড়া, কখনো ভিতু আবদারে ছেলে, আবার কখনো রোমান্টিক হিরো। সাইমনের বিপরীতে এখানে দেখা যাবে অভিনেত্রী আইরিনকে।
‘মায়াবিনী’ ছবিতে সাইমন-আইরিন ছাড়াও অন্যান্যদের মধ্যে অভিনয় করেছেন কাজী হায়াত, অমিত হাসান, সিবা শানু প্রমুখ।
উল্লেখ্য, গত নভেম্বরে ছবিটি সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে সিনেমাটি।
ইত্তেফাক/এমএআর