আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) এর বর্তমান প্রধান ক্রিস্টিন লগার্ড দায়িত্বে অবহেলার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। গতকাল সোমবার পার্লামেন্ট সদস্য ও ম্যাজিস্ট্রেটদের সমন্বয়ে গঠিত ফ্রান্সের একটি বিশেষ আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। তবে তাকে কোনো সাজা দেওয়া হয়নি। এমনকি কোনো জরিমানাও করা হয়নি। এ ছাড়া তার কোনো ক্রিমিনাল রেকর্ডও থাকছে না। খবর:সিএনএন।
বর্তমান আইএমএফ প্রধান লগার্ড এর আগে ফ্রান্সের অর্থমন্ত্রী ছিলেন। ২০০৮ সালে বার্নার্ড তাপি নামক এক ব্যবসায়ীর পক্ষে ৪০ কোটি ৪০ লাখ ইউরোতে (প্রায় ৪৩ কোটি মার্কিন ডলার) একটি বিরোধপূর্ণ প্রতিষ্ঠান বিক্রিতে অনুমোদন দেন। এখানে অনৈতিক কোনো কাজ করার কথা সবসময়ই অস্বীকার করে এসেছেন লগার্ড। আদালতে দোষী সাব্যস্ত হলেও হাজির ছিলেন না লগার্ড।
সোমবার আদালতের রায়ের পর লগার্ডের আইনজীবী প্যাট্রিক মাইসোনিউভি ফরাসি টেলিভিশনকে বলেন, অস্বাভাবিক রায়, আংশিকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মক্কেল এ রায়ের বিরুদ্ধে আপিল করতে পারেন। এই রায়ের বিষয়ে আইএমএফের নির্বাহী বোর্ড শিগগিরই আলোচনায় বসবে বলে সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন।
ইত্তেফাক/এসএসএ