বার্লিনে লরির ধাক্কায় ১২ জনের মৃত্যু ‘সন্ত্রাসী আক্রমণে’

জার্মানির রাজধানী বার্লিনে বড়দিন উপলক্ষে শপিং করতে আসা মানুষের উপর লরি তুলে দেয়ার ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে তদন্ত করছে। সোমবারের এই ঘটনায় ১২ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৪৮ জন।
 
লরি ড্রাইভার একজন পাকিস্তানি কিংবা আফগানিস্তান থেকে আসা আশ্রয় প্রার্থী, গত বছর জার্মানিতে প্রবেশ করেছিলেন তিনি। জার্মান গণমাধ্যম জানিয়েছে, যে শরণার্থী কেন্দ্রে ওই আশ্রয়প্রার্থী থাকতেন সেখানে তল্লাশি চালানো হচ্ছে।
 
জার্মান পুলিশ বিভাগ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিএনএন জানায়, সবাই মার্কেটের দিকে ট্রাকটিকে এগিয়ে আসতে দেখে চিৎকার করছিল, এরপর সবার দৌড় ঝাপের মধ্যে ১২ জনকে ট্রাকটি চাপা দেয়। এ ছাড়াও আরো বেশ কয়েকজন আহত হয় ট্রাকের আঘাতে। এ সময় ভয় পেয়ে ছোটাছুটি করতে গিয়েও বেশ কয়েকজন আহত হন।
 
বার্লিন পুলিশ জানিয়েছে, হামলাটিকে দেখে ধারণা করছি, ইচ্ছাকৃতভাবে ট্রাকটি মার্কেটে এনে মানুষ হত্যা করা হয়েছে। বড়দিনের এই উৎসবের সময় হামলার জন্য ইসলামপন্থী সন্ত্রাসীরা দায়ী থাকতে পারে বলে জানিয়েছে তারা। আঘাত করা লরিটি একজন পোল্যান্ডের নাগরিকের নামে নিবন্ধিত ছিল। ঘটনার পর উদ্ধার হওয়া ট্রাকে একজন পোল্যান্ডের নাগরিকের লাশ পাওয়া গেছে। এই ট্রাকটি যেই কোম্পানির জন্য কাজ করছিল তারা জানায়, কিছু স্টিল পরিবহনের কাজে নিয়োজিত ছিল ট্রাকটি। কিন্তু সন্ত্রাসীরা ট্রাকটি ছিনিয়ে নিয়ে তার চালককে হত্যা করেছে এবং তারপর বড়দিনের মার্কেটে ট্রাকটি দিয়ে ১২ জনকে হত্যা করেছে। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ